সম্প্রতি একটা ভিডিও থেকে একটা কথা শিখলাম, যেটা নতুন ডেভেলপার হিসেবে আমার খুব কাজে লাগছে।
কাজ পেলে আমরা অনেকে ভাবি, "টিম লিড তো রিভিউ করবেই, কিছু ভুল থাকলে ঠিক করে দেবে।" ভিডিওর বক্তা Heinrich, একজন কনসাল্ট্যান্ট, বলছেন ঠিক এই ভাবনাটাই সমস্যা।
নতুন অবস্থায় অন্যের ওপর ভরসা করা স্বাভাবিক। আমরা তো সব জানি না। কিন্তু কখন যেন ভরসাটা অজুহাত হয়ে যায়। "এটা তো প্রথম খসড়া", "অন্য কেউ দেখে নেবে।" কেউ কেউ তো জেনেশুনেই এমন কাজ জমা দেয়, যেটা ভালো হয়নি। টিম লিডের তখন সময় যায়, বিরক্তিও লাগে, কারণ জমা দেওয়ার সময়ই বোঝা যায় কাজটা শেষ হয়নি।
এই জায়গাতেই ownership mindset-এর কথা আসে। কাজ শুধু তালিকা থেকে সরানো নয়। যে ফলাফলটা সত্যিই দরকার, তার দায় শুরু থেকে শেষ পর্যন্ত আমার।
Heinrich একটা সহজ পরীক্ষা শিখিয়েছেন। কাজ জমা দেওয়ার আগে ভাবো, এটা কি তুমি নিজের নামে ক্লায়েন্টের বোর্ড সদস্যকে পাঠাতে পারো, কেউ লজ্জায় না পড়ে? উত্তর "না" হলে কাজ এখনো শেষ হয়নি। কেউ রিভিউ করলে ভালো, কিন্তু তার ওপর ভরসা করে বসে থাকা চলবে না।
তাঁর একটা উদাহরণ আমার সবচেয়ে মনে ধরেছে। টিম লিড তিনটা চার্ট চেয়েছেন। কাজ করতে গিয়ে তুমি দেখলে, পুরো ছবি বোঝাতে চতুর্থ চার্টটাও লাগবে। যা চেয়েছে তা-ই দিলে তুমি তো "কাজ করেছ", কিন্তু সেটা বোর্ডকে পাঠানোর মতো হয়নি। তখন চতুর্থটা যোগ করাই ঠিক, নয়তো অন্তত বলা যে এটা লাগবে।
আর তথ্য কম পড়লে "দুঃখিত, ডেটা ছিল না" বলে ফেরত না দিয়ে নিজে যাদের কাছে তথ্য আছে তাদের কাছে যাওয়া, আর কাজটা কেন চাওয়া হয়েছে সেটা বুঝে নেওয়া, এই দুটোও তিনি বলেছেন।
একটা কথা আমি নিজে যোগ করতে চাই, এটা ভিডিওর কথা নয়। "বেশি করো" মানে স্কোপের বাইরে চুপচাপ কিছু বানিয়ে ফেলা নয়। এক ধাপ এগিয়ে ভাবো, কিন্তু PM-কে জানাও: "আমার মনে হয় এটাও লাগবে, আপনি একমত?"
এখন থেকে কিছু জমা দেওয়ার আগে আমি নিজেকে এই প্রশ্নটাই করার চেষ্টা করছি।
Credit: Heinrich, firm learning
