
সিএসই পড়তে গেলে যেই জিনিসটা খুবই দরকারী সেটা হলো ক্রিয়েটিভিটি, প্যাশন, লিডারশীপ কোয়ালিটি এবং অফকোর্স মাথায় রাখতে হবে সবসময় সিএসই অন্য যে কোন সাবজেক্টের চাইতে আলাদা। এটার সাথে অনেকটা চারুকলা, আর্কিটেকচারের মিল আছে। যে কোন সাবজেক্টের ইন্ডাস্ট্রীতে চাকরী পেতে হলে লাগে ভালো রেজাল্ট, মামা চাচার জোড়, রুপচাদা খাটি সয়াবিন তেল এবং টিকে থাকতে গেলে চালিয়ে যেতে হবে পলিটিক্স এবং তেল। এগুলাই উন্নতির চাবিকাঠি।
কিন্তু সিএসইতে তোমার রেজাল্ট যদি ২ পয়েন্ট সামথিং থাকে (আউট অফ ৪), একগাদা ড্রপ কোর্স থাকে, হাতে সার্টিফিকেটও না থাকে তবুও তুমি ইন্ডাস্ট্রী কাপিয়ে দিতে পারবে যদি তোমার ক্রিয়েটিভিটি, প্যাশন, লিডারশীপ থাকে। কারণ এই তিনটা জিনিসের কম্বিনেশনে তুমি একটা জিনিসে বস হয়ে যেতে পারবে যেটাকে বলা হয় প্রোগ্রামীং।
এখন একটু ভেঙে বলি এ তিনটা জিনিস কেন দরকার।
স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন সত্যি করার জন্য এনাফ গাটস থাকতে হবে। সাবজেক্টটার প্রতি ভালবাসা না থাকলে ভাল করা সম্ভব না।
একটা ছোট্ট উদাহরণ দেই একজন বড়ভাইয়ের। উনি শাবির ৯৭/৯৮ ব্যাচের মনির ভাই। পাগল টাইপের মানুষ। ক্লাশ করতেননা। দিনরাত নতুন নতুন সফটওয়ার বানাতেন। অনেক ড্রপ কোর্স ছিলো। রেজাল্ট ৩ এর নীচে। উনার ব্যাচের ৪/২ পরীক্ষার পরে উনার অনেক কোর্স বাকী ছিলো। সার্টিফিকেট ছাড়াই উনি চাকরী পেয়ে গেলেন মাইক্রোসফট এ। জাফর স্যার উনাকে আমেরিকা থেকে আনিয়ে কোর্সগুলা কমপ্লিট করিয়েছিলেন। কথায় কথায় স্যার একবার মনির ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার রেজাল্ট, সার্টিফিকেট নিয়ে এরা কিছু বলেনা? মনির ভাই উত্তর দিলেন, "না। ওরা ভয় পায় আমি যদি তাহলে চাকরী ছেড়ে দেই।"
লিখেছেন সুদীপ্ত কর - CSE 4/2, SUST